রাজধানীর শেওড়াপাড়ায় ডাকাতির প্রস্তুতি নেয়ার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এরা হচ্ছে লিয়াকত, মতিন, ওসমান আলী, একরামুল হক, মোতাহার ওরফে মোতা, হাকিম মোল্লা, রোকন মিয়া, ফজলুর রহমান, নয়ন মিয়া, সুমন মোল্লা, আবদুস শহীদ ও এবাদুল্লাহ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গত সোমবার গভীর রাতে কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া এলাকার ৯৪৩ ও ৯৩৯ নম্বরের মধ্যবর্তী ফাঁকা প্লট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্যাঁচ কাটা দুইটি শাবলের ৪ খণ্ড, ২ টি চাপাতি, ২টি দা, ২টি স্ক্রু ড্রাইভার, ১টি স্লাইচ রেঞ্জ, ১টি ইলেকট্রিক টেস্টার, প্লাস্টিকের বাটযুক্ত ২ টি প্লাস ও স্টিলের চাকু উদ্ধার করা হয়।
তিনি জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মিরপুর ও তেজগাঁও বিভাগসহ বিভিন্ন থানা এলাকার বাসাবাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে ডাকাতির কথা স্বীকার করেছে। এছাড়া লুণ্ঠিত স্বর্ণালংকার কোতয়ালী থানাধীন ১নং কোতয়ালী রোডের ব্যবসায়ীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছে। পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে পুরান ঢাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী আকাশকে গ্রেফতার করে তার কাছ থেকে ৯ ভরি গালানো স্বর্ণ উদ্ধার করা হয়। ডাকাতিকালে তারা কখনো সাধারণ বেশে, কখনো লুঙ্গি পরে, কখনো লুঙ্গির উপরে হাফ প্যান্ট পরে ক্ষেত্রবিশেষে মুখোশ পরে ও অবৈধ অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে থাকে। বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ডাকাতি করার স্থান ঠিক করে।
