উপজেলার মনোহরদী দক্ষিণপাড়া বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের চারটি কক্ষের ছাদের বিম ভেঙে মেঝেতে পড়ে গেছে। সরেজমিনে দেখা যায়, ১৮ বছর আগের ১৯৯৫ সালে নির্মিত এ বিদ্যালয় ভবনটি সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ প্রায়। প্রধান শিক্ষকের নিকট থেকে জানা যায়, এ বছর বর্ষার শুরুতে ভবনের ছাদের বিভিন্ন জায়গা ভেঙে পড়তে থাকে। এমতাবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসে বিষয়টি জানালে উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার যৌথভাবে বিদ্যালয়টি পরিদর্শন করে একটি প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে বিদ্যালয় ভবনটিকে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করা হয়। তারপর থেকে শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশের নিচে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল জানান, বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ হওয়ার পর ৩/৪ মাস পার হয়ে গেলেও বিদ্যালয়ের সংস্কার না হওয়ায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কোমলমতি শিশুদের পাঠদান করতে হচ্ছে খোলা আকাশের নিচে। উপজেলা শিক্ষা অফিসার বলেন, বিদ্যালয়টি পুনর্নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তালিকা প্রেরণ করা হয়েছে।
