ডিন নিয়োগের প্রজ্ঞাপন বন্ধ রাখার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার (টিচিং) মো. আবু হাসানকে অবরোধ করে রাখার যে কর্মসূচি শিক্ষকদের একাংশ গ্রহণ করেছিলেন তা প্রত্যাহার করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। সংকট নিরসনে শিক্ষা সচিবের সাথে আলোচনায় বসেন শিক্ষকরা।
ডিন নিয়োগের ফাইলে স্বাক্ষর না করার শর্তে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় দীর্ঘ ৯ দিন পর রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার আবু হাসানের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারী শিক্ষকরা। অফিসার্স সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রার ওই ফাইলে স্বাক্ষর না করার শর্তে মুক্ত হলে অফিসার্স সমিতিও কর্মবিরতি প্রত্যাহার করে নেয়।
বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন প্রত্যাহার করে আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফেরার আহবান জানিয়ে গত সোমবার একটি বিজ্ঞপ্তি দেয় শিক্ষামন্ত্রণালয়। আন্দোলন প্রত্যাহার না করলে শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রণালয়। এর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষক ফোরাম গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে জানায়, শিক্ষামন্ত্রণালয়ের এ ধরনের হুঁশিয়ারি চলমান সংকট নিরসন না করে আরো ঘনিভূত করবে। শিক্ষামন্ত্রীর এ ধরনের বক্তেব্যে আন্দোলনরত শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিরসনে আন্দোলনরত শিক্ষকদের আলোচনায় বসার আহবান জানান শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। ফোরামের আহবায়ক অধ্যাপক মুহাম্মদ হানিফ আলীর নের্তৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সন্ধ্যা সাড়ে ৭টায় সচিবের বাসভবনে দেখা করতে যান।
