সালাহউদ্দিন কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২৩:১৬
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর মুক্তির দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশ। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, মানবতাবিরোধী বিচারের নামে সরকার প্রহসন করছে। আদালতের আগে যে রায় ফাঁস হয়ে যায় সে রায় সাজানো দাবি করে তারা বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সকল অভিযোগ ভিত্তিহীন। বক্তারা এই রায় প্রত্যাখ্যান করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। যুক্তরাষ্ট্র বিএনপি ও ৩৪ অঙ্গ সংগঠনের প্রধান সমন্বয়কারী বেলাল মাহমুদের সভাপতিত্বে ও নিউইর্য়ক স্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লেখক-গবেষক ড. এস. আই শেলী, কাজী শাখাওয়াত হোসেন আজম, মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, এমএ খালেক আকন্দ প্রমুখ।