মোদিকে মানহানির নোটিস পাঠালেন মমতার ভাতিজা

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মানহানির নোটিস পাঠিয়েছেন তৃণমূল নেতা তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি। তার দাবি. গত বুধবার ডায়মন্ড হারবারে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদি বানোয়াট ও মনগড়া অভিযোগ উত্থাপন করেছেন। এই মানহানিকর মন্তব্যের জন্য আগামী ৩৬ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী মোদিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নইলে তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবেন।

এবার লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে পুনরায় জয়ের জন্য লড়ছেন অভিষেক। আজ রবিবার শেষ ধাপে এই আসনে ভোটগ্রহণ হবে। তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের সমর্থনে বুধবার নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মোদি অভিযোগ করেন, ফুফু-ভাতিজার রাজত্বে রাজ্যে অত্যাচার চলছে। কিন্তু বিজেপিকে ভোট দিয়ে তার যোগ্য জবাব দেবে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী আরো বলেন, রাজ্যে গণতন্ত্র গুণ্ডাতন্ত্রে পরিণত হয়েছে। এখানকার মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে তৃণমূলের গুণ্ডারা। কিন্তু গুণ্ডাদের দিন শেষ হয়ে এসেছে।

এ ঘটনায় অভিষেকের হয়ে তার আইনজীবী নোটিস পাঠিয়েছেন। নোটিসে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির বক্তব্য সকল সংবাদমাধ্যমে প্রচার হয়েছে। মিথ্যা অভিযোগ উত্থাপনের মাধ্যমে অভিষেক ব্যানার্জির সুনাম নষ্ট করার চেষ্টা হয়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিকভাবে ক্ষতি করার উদ্দেশ্যের প্রতিফলন এই মন্তব্য। প্রধানমন্ত্রীর মন্তব্যে মিথ্যা, বিদ্বেষপরায়ণ এবং মানহানিকর শব্দ ব্যবহার করা হয়েছে। আইনজীবীর নোটিসে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্যে ফুফু ও ভাতিজার প্রসঙ্গ টানা হয়েছে, মমতা ব্যানার্জি ফুফু এবং তার ভাইপো আমার মক্কেল। যেসব শব্দ ব্যবহার করা হয়েছে, তা প্রধানমন্ত্রী পদে থাকা ব্যক্তির মুখে মানায় না।