শাহজালাল বিমান বন্দরে ৫২ লাখ সৌদি রিয়েল আটক

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২২:৫৮
দুবাই পাচারকালে হযরত শাহজালাল বিমান বন্দর থেকে গতকাল বুধবার ৫২ লাখ সৌদি রিয়েল (১০ কোটি ৬০ লাখ টাকা) আটক করা হয়। বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাত্রার প্রাক্কালে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ও গোয়েন্দা কর্মীরা এই বিপুল বৈদেশিক মুদ্রা আটক করেন। বিকাল সোয়া পাঁচটার দিকে বিমানের এই ফ্লাইটটি দুবাই যাওয়ার জন্য তৈরি ছিল। এতে দুবাইগামী যাত্রী ছাড়াও ১৫ জন যাত্রী চট্টগ্রাম যাচ্ছিলেন। শুল্ক গোয়েন্দা কর্মীরা খবর পান যে চট্টগ্রাম গামী যাত্রী সৌদি রিয়েল ভর্তি দুইটি ব্যাগ বহন করছেন। ব্যাগ দুটি বিমানের ফ্লাইটে ওঠার পর দুবাইগামী কোন যাত্রীর কাছে হস্তান্তর করবেন। চট্টগ্রাম গামী যাত্রীদের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে বাসে করে আন্তর্জাতিক টার্মিনালের নির্দিষ্ট বহির্গমন লাউঞ্জে আনা হয়। এসময় অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আসা যাত্রীদের হাতে থাকা সকল ব্যাগ তল্লাশীর উদ্যোগ নেন শুল্ক গোয়েন্দা কর্মীরা। এক পর্যায়ে ট্যাগবিহীন বৈদেশিক মুদ্রা ভর্তি ঐ দুইটি ব্যাগ লাউঞ্জের মেঝে থেকে উদ্ধার করা হয়। এই দুইটি ব্যাগের কোন দাবিদার পাওয়া যায়নি।