শিবিরের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দামকে উন্নত চিকিত্সার জন্য বুধবার বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে ঢাকায় পাঠানো হয়েছে। তার বাম পা, মাথা ও পিঠে মারাত্মক জখম হয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী ধরমপুর এলাকায় সাদ্দামের ওপর হামলা চালায় শিবির ক্যাডাররা। এসময় গোলাম রব্বানী তুফান নামে সাবেক এক ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন তুফান বর্তমানে আশঙ্কামুক্ত।
হামলার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল ভোরে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী বিনোদপুর, কাজলা ও হেরচন্ডী এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটক আরিফুল ইসলাম, মনিরুল ইসলাম, শান্ত ও সুজন স্থানীয় শিবির কর্মী বলে ধারণা করছে পুলিশ।
ছাত্রলীগের ছুরিকাঘাতে
ছাত্রদল কর্মী আহত
রাজশাহী অফিস জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে একদল ছাত্রলীগের নেতাকর্মী। গতকাল বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ কলা ভবনের দ্বিতীয় তলায় এই হামলার ঘটনা ঘটে। আহত ছাত্রদল কর্মী নূর আহমেদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
