প্রধানমন্ত্রী আজ জামালপুর যাচ্ছেন

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২৩:০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার জামালপুর জেলার ইসলামপুর যাচ্ছেন। তিনি বিকালে স্থানীয় স্টেডিয়াম মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এছাড়া জেলার ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইসলামপুরসহ গোটা জেলাকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। সড়কে প্রায় শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। রং-বেরঙের ফেস্টুন, ব্যানারে ছেয়ে গেছে ইসলামপুর। সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহজাহান আলী মন্ডল, ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্ল¬াহসহ জেলার সাত উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সফর সফল করতে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সফরকালে প্রধানমন্ত্রী দেওয়ানগঞ্জ উপজেলার জিঞ্জিরাম নদীর উপর নির্মিত সানন্দবাড়ী ব্রিজ, মেলান্দহ উপজেলার রায়গঞ্জ-বেলতৈল রাস্তার গার্ডার ব্রীজ, মধ্য গজারিয়া, নরুন্দি, শৈলের কান্দা ও নলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণসহ ২৭টি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করবেন। একইসাথে তিনি ইসলামপুর-মেলান্দহ উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর ৫৬০ মিটার দীর্ঘ দু’টি সেতু নির্মাণ, ইসলামপুর এস্টাবলিসমেন্ট অব হেল্থ টেকনোলজি প্রতিষ্ঠা, সদর উপজেলায় ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রসহ ২১টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। ধলেশ্বরী সেতু উদ্বোধন আজ নাগরপুর (টাঙ্গাইল) সংবাদাতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুর ১২ টার দিকে টাঙ্গাইল-আরিচা সড়কের ধলেশ্বরী নদীর উপর নির্মিত সেতু উদ্বোধন করবেন। গতকাল বুধবার যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সেতুটি পরিদর্শন করেন। এসময় খন্দকার আব্দুল বাতেন এমপিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।