মাদ্রাসায় বিস্ফোরণ

মুফতি হারুন গ্রেফতার আরো একজনের মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২৩:০২
চট্টগ্রামে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় হেফাজতে ইসলামের আমীর মুফতী ইজহারুল ইসলাম চৌধুরীর ছেলে সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি হারুন বিন ইজহার ও তার দেহরক্ষী জুনায়েদকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বুধবার ভোর চারটার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইছাপুর গ্রামে জনৈক জালাল চৌধুরীর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দুপুরে দু’জনকে আদালতে হাজির করে নগরীর খুলশী থানায় বিস্ফোরক ও এসিড আইনে দায়ের করা দু’টি পৃথক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে পুলিশ। এদিকে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় আহত আরো একজন গতকাল বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম জোবায়ের আহমেদ সমীর (২৫)। নিহত সমীর খুলশী থানায় দায়ের করা বিস্ফোরণ মামলার অন্যতম আসামি। এ নিয়ে এ ঘটনায় দু’জনের মৃত্যু হলো।