আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি নামক একটি দলের নেত্রী দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে জেল খাটছেন। আর আরেকজন বিদেশে বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি গতকাল শনিবার বিকালে নগরীর একটি ক্লাবে খুলনা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি এখন আর কোনো রাজনৈতিক দল নয়। গত বুধবার দেওয়া এলডিপির চেয়ারম্যান কর্নেল অলীর বক্তব্য তুলে ধরে বলেন, অলী এখন বিএনপির নেতৃত্ব দিতে চান। এই হচ্ছে বিএনপির অবস্থা।
হানিফ বলেন, আগামী ৩০ অক্টোবরের মধ্যেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগে খুলনা মহানগরসহ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহনগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট পিযুষ কান্তি ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি প্রমুখ।
