টুঙ্গিপাড়ায় সড়কের গাছ কাটার ঘটনায় মামলা

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২০:৩৯
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক থেকে ৫ লাখ টাকা মূল্যের অর্ধশত গাছ কাটার ঘটনায় প্রভাবশালীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে টুঙ্গিপাড়া থানায় গাছ কাটার অভিযোগে উপজেলার তারাইল গ্রামের ভবসিন্দু গাইনের বিরুদ্ধে উপজেলা প্রকৌশলী মোহা. মনজুর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেন। স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামের বিজয় কৃষ্ণ গাইনের ছেলে ভবসিন্ধু গাইন গত ৭ দিন ধরে এলজিইডির বাঁশবাড়িয়া-ঘাঘর সড়কের টুঙ্গিপাড়া উপজেলার তারাইল, পাকুরতিয়া, সালুখা গ্রাম থেকে বেছে বড় বড় সাইজের অন্তত ৫০টি শিশু গাছ কেটে পুকুরের পানিতে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোহা. মনজুর রশিদ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ভবসিন্ধু গাইন ও স্থানীয়দের কাছে জিজ্ঞাসাবাদের পর ঘটনার সত্যতা পান। বুধবার পুকুর থেকে গাছ উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে যায় এলজিইডি কর্তৃপক্ষ।