মদনে অজ্ঞান পার্টির খপ্পরে ২ ব্যক্তি
মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ উপজেলার সবচেয়ে বড় কোরবানীর হাট দেওয়ানবাজার। সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার জমে উঠে এই বাজার। গতকাল বৃহস্পতিবার এই বাজারে কোরবানীর গরু কিনতে আসা আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাদুরপুর গ্রামের সুলতান মিয়ার ১৬ হাজার টাকা ও কেন্দুয়া উপজেলার আসুজিয়া ইউনিয়নের নওগাও গ্রামের কাঞ্চন মিয়া ৩৪ হাজার টাকা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে মদন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
সুন্দরগঞ্জে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজিবপুর গ্রামের ক্লাইমেট ফিল্ড স্কুল মাঠে ইঁদুর নিধন অভিযানের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদুজ্জামান সরকার বাদশা। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার, টীম লিডার রোস্তম আলী প্রমুখ।
ইয়াবা নিয়ে ২ সহযোগীসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি \ নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে সাড়ে ৫শ’ পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিলসহ যুবলীগের এক নেতাকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো: যুবলীগ নেতা আমিনুল ইসলাম লিপু (৩২), পলাশ (২৫) ও সমীর চন্দ্র দে (২৮)।
বোচাগঞ্জে দুই স্কুলছাত্রীর বাল্যবিবাহ প্রতিরোধ
বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা\ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় স্থানীয় প্রশাসন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সমপ্রতি দুই স্কুলছাত্রীর বাল্যবিবাহ প্রতিরোধ করেছে। এসব বিবাহে জড়িত থাকায় বর ও কনেপক্ষের তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। জানা গেছে, উপজেলার আটগাঁও ইউপির বালিহারা গ্রামের মজিবর রহমানের ১৩ বছরের স্কুলগামী কন্যা মোছাঃ মন্জু আরা বেগম ও একই ইউনিয়নের ছোট বালিহারা গ্রামের মোঃ ইয়াছিন আলীর ১৪ বছরের মেয়ে স্কুল ছাত্রী মোছাঃ ইয়াসমিন আক্তারের বাল্যবিবাহ প্রতিরোধ করে স্থানীয় প্রশাসন।
ভালুকায় মনোনয়ন প্রত্যাশী নেতার মতবিনিময়
ময়মনসিংহ প্রতিনিধি\ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপ্রতি ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দীনের উদ্যোগে গত বুধবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নজিবর রহমান মন্ডল, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ আলী, আবুল কালাম আজাদ লেবু, হারুন-অর-রশিদ, প্রভাষক আফতাবউদ্দিন আহাম্মেদ প্রমুখ।
মাগুরায় জেলাপর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা
মাগুরা প্রতিনিধি \ গত বুধবার দিনব্যাপী জেলাপর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা মাগুরা জেলা শহরের দুধ মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি হোসেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ এলিয়াস হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মণ্ডল, আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, জেলা ডিবেটিং সোসাইটির সভাপতি খান শফিউল্লাহ প্রমুখ।
নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রামে এক সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। জানা যায়, গত বুধবার নন্দীগ্রাম থানার এএসআই শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রাজ্জাককে (৪৫) বগুড়া মালতি নগর এলাকা থেকে গ্রেফতার করে। সে নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
মেঘনার পল্লীতে বিদ্যুত্ সংযোগ উদ্বোধন
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার কুমিল্লার মেঘনা উপজেলার বরকান্দা গ্রামে বিদ্যুত্ সংযোগের উদ্বোধন করেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুঁইয়া এমপি। ডাক্তার খোরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুস সালামসহ নেত্রীবৃন্দ।
শিবালয়ে ব্র্যাকের হাত ধোয়া প্রদর্শনী
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদাদাতা \ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ব্র্যাকের উদ্যোগে শিবালয়ের উথলী শিক্ষানিলয় প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। জানা গেছে, প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালনের নির্ধারিত তারিখ থাকলেও এবছর পবিত্র ঈদুল আযহার ছুটির কারণে গত ৯ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, শিবালয় ব্র্যাক ওয়াশ ম্যানেজার খোরশেদ আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহে মহিলা পরিষদের মতবিনিময়
ময়মনসিংহ প্রতিনিধি \ তৃণমূল নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে ময়মনসিংহে মহিলা পরিষদের মতবিনিময় হয়েছে গতকাল বৃহস্পতিবার। ময়মনসিংহ জেলা মহিলা পরিষদের সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেনের সভাপতিত্বে তথ্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মনিরা বেগম অনু। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক শেখ মহিউদ্দিন আহাম্মদ, বাবুল হোসেন, নিয়ামুল কবির সজল, মীর গোলাম মোস্তফা, নারী নেত্রী অ্যাডভোকেট নীলা রায় প্রমুখ।
চাটখিলে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিলের নোয়াখলা পাঠান বাড়ীর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের দেয়া বিভিন্ন প্রকার গাছের চারা মাদ্রাসার আড়াশ বিতরণ করা হয়েছে। এতে বিএনপির সভাপতি শাহজাহান রানা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মাসুদ, বিএনপি নেতা বাবুলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিঠাপুকুরে ঈদ-উল-আজহা উপলক্ষে চাল বিতরণ
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুর উপজেলার ২নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদে গতকাল বৃহস্পতিবার সরকারি বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ২নং রাণীপুকুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, সমবায় অফিসার হাসমত আলী জোয়ারদার, রাণীপুকুর ইউপি সদস্য ও সদস্যাগণ, গ্রাম আদালত সহকারী মাহ্বুবুল ইসলাম প্রমুখ।
কুমারখালিতে স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক
কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালিতে বেসরকারি সংস্থা আশা’র কুমারখালি-২ ব্রাঞ্চের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আরএম শাহেদ আলী। ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার এসএম মনিরুজ্জামান, কুমারখালি প্রেসক্লাবের সভাপতি বাবলু জোয়ারদার, লোন অফিসার প্রমুখ।
নাসিরনগরে অভিভাবক সমাবেশ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ নাসিরনগর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনকল্পে ও বিদ্যালয়ে শিশুদের শতভাগ উপস্থিতি, ঝরে পড়া রোধে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান শিক্ষক এবিএম সালেমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া,অভিভাবক প্রতিনিধি শাখাওয়াত হোসেন ভুঁইয়া প্রমুখ।
মুরাদনগরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত ইকরা এম. আই একাডেমী থেকে ওয়ামী ও কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গতকাল বৃহস্পতিবার সংবর্ধনা দেয়া হয়। একাডেমীর প্রতিষ্ঠাতা আলহাজ্ব অহিদুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ড. উত্তম কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক দীন দয়াল পাল, অধ্যাপক শাহানুর, অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ প্রমুখ।
হোমনায় মাদ্রাসা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ মাউশি অধিদপ্তরাধীন সেকায়েপ প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বইপড়া প্রতিযোগিতায় বিজয়ী হোমনার অনন্তপুর মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সুপার মাওলানা আঃ কাদেরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী আঃ ছালাম ভূঞা, সমাজ সেবক ডাঃ মো. ফুল মিয়া প্রমুখ।
গাজীপুরে পিআইবির বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু
গাজীপুর প্রতিনিধি \ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে গাজীপুরে তিনদিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম। বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের মহাপরিচালক মোঃ শাহ আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এমএ বারী। এতে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রহমান মোস্তাফিজ, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
হোসেনপুরে বস্ত্র বিতরণ
হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা \ হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোত্সব উপলক্ষে বুধবার হোসেনপুর কেন্দ্রীয় কালি মন্দিরে দু’শতাধিক দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বস্ত্র বিতরণ করেন হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার।
আলফাডাঙ্গায় শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক সাবিনা ইয়াসমিন
আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ আলফাডাঙ্গা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মহিলাদের মধ্যে সাবিনা ইয়াসমিন এবং পুরুষদের মধ্যে মোঃ আইয়ুব হোসেন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। গতকাল উপজেলা হল রুমে ইউ,এন,ও মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে শিক্ষকদের মেধার ভিত্তিতে ২ জন শিক্ষককে প্রাথমিক শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করেন।
