পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের সম্মানজনক মানবাধিকার ‘শাখারভ’ পুরস্কার দেয়া হয়। খবর এএফপি’র।
রক্ষণশীল ইউরোপিয়ান পিপলস পার্টি (ইপিপি)’র চেয়ারম্যান যোসেফ ডোল বলেন, আজ আমরা বিশ্বকে জানানোর সিদ্ধান্ত নিয়েছি যে, একটি সুন্দর আগামীর জন্য আমাদের আশা মালালা ইউসুফজাইয়ের মতো নবীনদের ওপর নির্ভর করছে। মালালা এর আগে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০১৩সহ অসংখ্য পুরস্কার পেয়েছে। সোভিয়েত বিজ্ঞানী ও ভিন্নমতাবলম্বী আন্দ্রেই শাখারভের সম্মানার্থে ১৯৮৮ সাল থেকে প্রতিবছরই মুক্ত চিন্তার মানুষদের শাখারভ পুরস্কার দিয়ে আসছে ইউরোপীয় পার্লামেন্ট। এর আগে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা এবং মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি এ পুরস্কার পান। এবার ৭৫০ সদস্যের ইউরোপীয় পার্লামেন্টের সব রাজনৈতিক দলের প্রধানদের ভোটে জয়ী হওয়ার পর মালালাকে এ পুরস্কার দেয়ার জন্য বেছে নেয়া হয়।
