বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষায় অপচেষ্টা চালাচ্ছে

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে শুরু হয় দুর্নীতি, লুটপাট ও জঙ্গিবাদের উত্থান। যুদ্ধাপরাধীদের রক্ষায় খালেদা জিয়া অপচেষ্টা চালাচ্ছেন; কিন্তু তিনি যুদ্ধপরাধীদের বাঁচাতে পারবেন না। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা হবে। বিচারের রায়ও কার্যকর করা হবে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জামালপুর জেলার ইসলামপুর পৌরসভা কার্যালয় সংলগ্ন স্টেডিয়াম মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় বিএনপি তাদের পক্ষ নিয়ে নানা কৌশল ও অপচেষ্টা চালিয়ে তাদের রক্ষা করতে পারছে না। বিএনপির জন্মলগ্ন থেকে খুনি, লুটেরা, দুর্নীতিবাজ ও জঙ্গিবাদের মদদদাতা হিসাবে চিহ্নিত হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন দেশের সম্পদ লুট করেছে। তাদের আমলে আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা করা করেছে। তাদের সময়ে বিদ্যুত্ উত্পাদন না করে শুধুই দুর্নীতি ও লুটপাট করার জন্য খাম্বা তৈরি করেছে। বর্তমান সরকারের সময়ে মানুষ শান্তিতে বসবাস করছে। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই সরকারের আমলে বিদুতের ব্যাপক উন্নতি ও উত্পাদন বেড়েছে। প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি ২৬ হাজার ২শ প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। সারা দেশে তথ্য-প্রযুক্তির ব্যবহার করে প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা হচ্ছে। ৯০ লাখ বেকার যুবককে চাকরি দেয়া হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা বঙ্গবন্ধুর খুনি ও একাত্তরে গণহত্যায় জড়িতদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসাবে ক্ষমতায় এসে জঙ্গি ও সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই দিতে পারেনি। তিনি জনগণের উদ্দেশে বলেন, ইসলাম ধর্ম হচ্ছে শন্তির ধর্ম। যারা ইসলাম রক্ষার দোহাই দিয়ে পবিত্র কোরআন শরীফ আগুন দিয়ে পুড়িয়ে দেয়, বোমা মেরে মানুষ হত্যা করে তারা ইসলামের হেফাজত করবে কীভাবে। তাই শান্তিতে থাকতে হলে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করুন। এর আগে তিনি জামালপুরের ২৭টি প্রকল্পের কাজের উদ্বোধন করেন। একই সাথে তিনি ইসলামপুর-মেলান্দহ উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর ৫৬০ মিটার দৈর্ঘ্য দুইটি সেতু এবং ২৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ইসলামপুর এ্যাস্টাবলিস্টমেন্ট অব হেলথ টেকনোলজি প্রতিষ্ঠাকরণ প্রকল্প, জামালপুর সদর উপজেলায় ১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রসহ ২১টি প্রকল্পের কাজের ভিক্তি প্রস্তর স্থাপন করেন। ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলা, জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি, সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, ভূমি মন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা, স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি প্রমুখ। টাঙ্গাইল প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আওয়ামী লীগ মানেই গরীব-দুখী মানুষের বাসস্থান, চিকিত্সা। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের চিকিত্সা হয়, মানুষ খাদ্য পায়, তাদের সার্বিক উন্নয়ন হয়। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিনে ধলেশ্বরী সেতু উদ্বোধন শেষে এক নাগরিক সমাবেশে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ জঙ্গিবাদ, সন্ত্রাসের দেশ নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বসভায় বাংলাদেশ মর্যাদা পেয়েছে। আজ বাংলাদেশের মানুষ খেয়ে-পরে সুখে আছে। এর আগে প্রধানমন্ত্রী ধলেশ্বরী সেতু উদ্বোধন করেন। ৩টা ২৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী জামালপুরের উদ্দেশে হেলিকপ্টারযোগে টাঙ্গাইল ত্যাগ করেন।