যৌন নিপীড়িতদের পরীক্ষা সংক্রান্ত নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:২৮
ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার নারীদের পরীক্ষা সংক্রান্ত নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিশেষজ্ঞদের দিয়ে কমিটি গঠন করে আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। একইসঙ্গে ধর্ষণের শিকার নারীর ‘দ্বি-অঙ্গুলি বিশিষ্ট’ পরীক্ষা কেন অকার্যকর ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের আইজিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন, নারীপক্ষ নামে ৬টি পৃথক সংগঠন এবং রুচিরা তাবাচ্ছুম নাভেদ ও মোবারক হোসেন খান গত ৮ অক্টোবর হাইকোর্টে উপরোক্ত নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করেন।