সড়ক দুর্ঘটনায় নিহত চার

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:৪০
ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে সিএনজি অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহমুদা খাতুন (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার সুধিয়াখলা গ্রাম থেকে অটোরিক্সাযোগে মাধবপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে অটোরিক্সা যাত্রী উক্ত গৃহবধূ গুরুতর আহত হন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। উভয় গাড়ির চালক পলাতক। টাঙ্গাইল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকায় গতকাল শুক্রবার ট্রাক চাপায় দুই ট্রাকচালকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সাভারের দেনবাড়ি গ্রামের আব্দুল হালিম (৪৫) ও ঢাকার পল্ল¬বীর জামারা মহল্লার নাসিম উদ্দিন (৫০)। এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামসুল আলম জানান, দিনাজপুর থেকে চাল ভর্তি দু’টি ট্রাক নিয়ে হালিম ও নাসিম ঢাকা যাচ্ছিলেন। যানজটের কারণে ওই সময় ভাতকুড়া এলাকায় রাস্তার বাম পাশে ট্রাক রেখে তারা দু’জন রাস্তার ডান পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান। তাদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। দিনাজপুর বৃহস্পতিবার দিনাজপুর-পার্বতীপুর পাকা রাস্তার মাঝাপাড়া নামক স্থানে রাস্তা অতিক্রম করার সময় রুবেল (১৫) নামের এক কিশোর ট্রাকের নিচে পিষ্ট হয়ে আহত হয়। আহত রুবেলকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।