পার্বতীপুরে রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের অবসরকালীন ভাতাদি প্রদানের জন্য পেনশন অফিসের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার থেকে পেনশন ভাতাদি প্রদান শুরু হয়েছে। ইতোপূর্বে বয়স্ক লোকজনদের বহু কষ্ট করে ১৬ কি. মি. দূরে সৈয়দপুর পেনশন অফিস থেকে ভাতাদি গ্রহণ করতে হতো। জানা গেছে, পার্বতীপুরে বসবাতরত চার শতাধিক রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী পার্বতীপুর থেকে ১৬ কি. মি. দূরে সৈয়দপুর রেলওয়ে পেনশন অফিস থেকে পেনশন ভাতাদি গ্রহণ করতো। বৃদ্ধ বয়সে তাদের কষ্ট আর দুর্ভোগ লাঘবের জন্য তাদের দাবির প্রেক্ষিতে দীর্ঘদিন পর হলেও পার্বতীপুরে পেনশন অফিস উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার পেনশন অফিস উদ্বোধন উপলক্ষে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে ম্যান্স অবসরপ্রাপ্ত কল্যাণ পরিষদ আলোচনা সভা ও মিলাদ মাহফিলে আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বদি আহম্মেদ, স্থানীয় শাখার সভাপতি ইস্কাদার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিষদের নেতা আ. সাত্তার, আনোয়ার হোসেন, আব্দুল বাকী মন্ডল, গোলাম মোস্তফা প্রমুখ।
