বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণিঝড় পাইলিন আজ শনিবার সন্ধ্যা নাগাদ ভারতের ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ভারতের পূর্ব উপকূলীয় উড়িষ্যা ও দক্ষিণ-পূর্ব উপকূলীয় অন্ধ্র প্রদেশে ২০৫ থেকে ২২০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ঝড়টি। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি’র।
সতর্কতা হিসাবে ভারত উপকূলীয় এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ঝড়ে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে পাইলিন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পারাদিপ থেকে ৬৫০ কিলোমিটার, গোপালপুর থেকে ৭০০ কিলোমিটার এবং পূর্ব-দক্ষিণপূর্বাঞ্চলীয় কলিঙ্গপাটনাম থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ঝড়ের গতিবেগ ২৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ভুবেনশ্বরের দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার পি কে মহাপাত্র জানিয়েছেন, আবহাওয়া বিভাগ প্রথমে ১৮৫ কিলোমিটারের কথা বললেও পরে গতিবেগ ২২০ কিলোমিটারের সতর্কতা জারি করে। এটি সুপার সাইক্লোনে রূপ নিবে বলে মনে করা হচ্ছে।
এর আগে ১৯৯৯ সালে ভারতে একটি ঝড়ের গতিবেগ ছিল ২২০ কিলোমিটার। গতকাল সকালেই ওদিসায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যায়। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই ঝড়ে ভূমিধসের ঘটনা ঘটতে পারে। অন্ধ্র প্রদেশের এক কর্মকর্তা প্রদেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের ২৮টি দলকে দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান।
