অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘পাইলিন’

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২২:১৯
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘পাইলিন’ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ১৭ নম্বর বুলেটিন আবহাওয়া অফিস এর তীব্রতা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে। এটি গতকাল বিকাল নাগাদ অবস্থান করছিলো চট্টগ্রাম বন্দর থেকে ৭০৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিম, কক্সবাজার থেকে ৭১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং মংলা থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে। অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া পাইলিন-এর কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে গতকাল বাতাসের একটানা গতিবেগ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ঘণ্টায় ১৯০ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিলো। আবহাওয়া অফিস জানায়, অতিপ্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় পাইলিন-এর অগ্রভাগের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ের নিকটবর্তী সাগর এখন প্রচণ্ড উত্তাল। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। মাছ ধরার নৌকা, ট্রলারসহ সব ধরনের নৌযানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।