বান্দরবানে যুবদলের কর্মীসভায় হামলা ভাংচুর

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২২:২৩
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বান্দরবানে যুবদলের কর্মী সম্মেলনে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় চেয়ার-টেবিল ভাংচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে যুবদলের দুই গ্রুপ পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করেছে। এর আগে দু’পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হলে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল শুক্রবার বিকালে বান্দরবান বাজারে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা যুবদলের একটি গ্রুপ সংগঠনের সভাপতি, সেক্রেটারিকে বাদ দিয়েই কর্মী সম্মেলনের আয়োজন করে। খবর পেয়ে যুবদলের সভাপতি-সেক্রেটারি গ্রুপ লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে এসে টানানো ব্যানার ছিঁড়ে ফেলে এবং সভাস্থলের চেয়ার-টেবিল ভাংচুর করে। এসময় দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পাল্টাপাল্টি মিছিলের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে একটি গ্রুপ বাজার মসজিদ এলাকায় এবং অপর গ্রুপের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।