পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে সেদেশের আদালত। শুক্রবার দেশটির দুর্নীতি বিরোধী আদালত এই নির্দেশ প্রদান করে। আসিফ আলি জারদারির প্রেসিডেন্ট থাকাকালে পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার কয়েক সপ্তাহ পর এই আদেশ দেয়া হলো। প্রেসিডেন্ট থাকাকালে বিশেষ সুবিধাপ্রপাপ্ত হওয়ায় তার বিরুদ্ধে তখন এই দুর্নীতির মামলা চালু করা হয়নি। তার মেয়াদকাল শেষ হওয়ায় এ সংক্রান্ত কোন বাধা না থাকায় আদালত দুর্নীতি মামলা ফের চালু করার নির্দেশ দেয়।
জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) এই মামলাটি পুনরায় চালু করার নির্দেশ দেয়। সরকারি কর্মকর্তারা জানান, জবাবদিহিতা ব্যুরো প্রসিকিউটর জেনারেলের কাছে জারদারির মামলা চালু করার জন্য একটি নোটিস জারি করে। ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির ওই আদালত এই মর্মে আদেশ প্রদান করে, যাতে আগামী দুই সপ্তাহের মধ্যে আসিফ আলি জারদারি এ বিষয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আদালতের নোটিসে বলা হয়, তার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ায় তার বিচারের মুখোমুখি হওয়ার এখন আর কোন বাধা নেই।
২০০৭ সালে সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ এক ‘বিতর্কিত’ সাধারণ ক্ষমাবলে আসিফ আলি জারদারির সব মামলা প্রত্যাহার করে নেন। সুপ্রিম কোর্ট পরবর্তীতে ওই আদেশ বাতিল করে তার সকল মামলা পুনরায় চালুর নির্দেশ দেয়।
