দশ দিন বন্ধের ফাঁদে বুড়িমারী স্থলবন্দর

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২১:০৩
ঈদ ও শারদীয় দুর্গোত্সব আর সাপ্তাহিক ছুটি একসাথে পড়ায় লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত, ভুটানের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম প্রায় ১০ দিন বন্ধ থাকবে। তবে এ সময় বন্দরে পাসপোর্টধারী যাত্রী সাধারণের চলাচল অব্যাহত থাকবে। বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট আহবায়ক সায়েদুজ্জামান সায়েদ জানান, ছুটি শেষে আগামী ২১ অক্টোবর থেকে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম, মালামাল আনা নেয়া পুরোদমে চলবে। ভারতের ওপারে চ্যাংরাবান্ধা কাষ্টমস কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছে, এবার দুর্গাপূজা ও ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ভারতে সরকারি ছুটি থাকায় দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে। বন্দরের সহকারী কমিশনার সোহেল রানা বলেন, পূজা, ঈদ ও সাপ্তাহিক ছুটিতে বন্দরের মূল কার্যক্রম ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। হিলি স্থলবন্দর ৮ দিন বন্ধ থাকবে স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১০ হতে ১৭ অক্টোবর পর্যন্ত ৮ দিন সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৮ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপতানি চালু হবে। তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।