দৌলতদিয়ায় কোরবানির পশুবাহী যানবাহনের দীর্ঘ সারি

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২১:০৪
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের দৌলতদিয়া প্রান্তে ফেরিতে নদী পার হতে আসা ঢাকামুখী কোরবানির পশুবাহী যানবাহনগুলোর সিরিয়াল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে ট্রাকে থাকা গরুগুলো। দীর্ঘ সময় ঘাটে আটকে থাকায় দূর দূরান্ত থেকে নিয়ে আসা গরুগুলোকে হাত পাখার বাতাস, মাথায় পানি ও গাছের ডাল কেটে ছায়া সৃষ্টি করে সুস্থ রাখার চেষ্টা করা হচ্ছে। এর পরও দু’ একটি গরুর মৃত্যু ঘটেছে। শনিবার বিকাল পর্যন্ত যানবাহনের সারি ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া প্রান্তে তিন কিলোমিটার এলাকা ছেড়ে গেছে। অপরদিকে, কোরবানির গরুবাহী যানবাহন দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপারের জন্য আসায় ঢাকামুখী যাত্রীবাহী যানবাহন সিরিয়ালে আটকে যাচ্ছে। এতে করে ওই সব যানবাহনের অতিরিক্ত সময় লাগছে নদী পার হতে। দৌলতদিয়া ফেরি ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই রুটে ৯টি বড় ও ৩টি ছোট ফেরি একযোগে চলাচল করছে। তবে অতিরিক্ত গরুবাহী ট্রাক নদী পার হতে ঘাটে ঢুকে পড়ায় ঢাকাগামী যাত্রীবাহী যানবাহনের নদী পারাপারে কিছুটা বেশি সময় লাগছে। অনেকে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করে তাদের গরুগুলো ট্রলারে করে নদী পার করছে বলে ব্যবসায়ীরা জানান।