রেলপ্লাটফরমে কোরবানি-পশুর হাট

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২১:৫৩
সরকার সড়কপথ থেকে কোরবানি-পশুর হাট সরিয়ে নেওয়ার কথা বললেও সান্তাহার সড়কের ওপর জমজমাট পশুর হাট ও নশরতপুর রেলপ্লাটফরম থেকে কোরবানি-পশুর হাট সরানো হচ্ছে না। উল্লেখ্য, সান্তাহার-বোনারপাড়া-লালমনিরহাট রেলপথের নশরতপুর স্টেশনপ্লাটফরমের ওপর প্রতি বছর কোরবানির হাট বসে। হাট ইজারাদার স্থানীয় রেল প্রশাসনকে ম্যানেজ করে ওই হাট বসায়। হাজার হাজার গরু-ছাগল ও তার ক্রেতা-বিক্রেতাদের বিচরণ ও পায়ের ঘর্ষণে রেলের সম্পদ রেল পিল, পাথর, স্লিপার, পয়েন্ট ও সিগন্যালের তার প্রভৃতি বিনষ্ট হচ্ছে বা হারিয়ে যাচ্ছে। এমনকি রেলসড়কের মাটি খয়ে ধসে যাচ্ছে। প্রতি বছর কোরবানির সময় হাটে পুলিশ আসে, পুলিশ যায়। কিন্তু এ ঝুঁকিপূর্ণ হাটটি বন্ধ হয় না। গরু-ছাগলের গবর-চোনায় প্লাটফরম ও তার আশপাশ সয়লাব। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এবং রেলসম্পদ রক্ষায় আশু ব্যবস্থা গ্রহণ অতীব প্রয়োজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সলিমউদ্দিন, নওগাঁ