ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে নিহত ৫০

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২২:৩২
ভূমধ্যসাগরে অভিবাসী নৌকাডুবিতে কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে। মাল্টা ও ইতালির মধ্যবর্তী লাম্পেদুসা দ্বীপ এবং মিসরের আলেকজান্দ্রিয়া বন্দরের কাছে দুটি পৃথক দুর্ঘটনায় এই নিহতের ঘটনা ঘটে। খবর বিবিসি ও এএফপি’র। মাল্টা ও ইতালির লাম্পেদুসার মধ্যবর্তী স্থানে নৌকাডুবিতে ৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫০ জন অভিবাসী ছিলো। এই নিয়ে এই মাসে ইতালিতে দ্বিতীয়বারের মতো নৌকাডুবির ঘটনা ঘটলো। ইতালির সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, মৃতদের মধ্যে ১০ জন শিশুও রয়েছে। ল্যাম্পেদুসার ১০০ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। এই নৌকাডুবির পর ইতালি ও মাল্টার উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার ঘটনাস্থলে গিয়ে অন্ধকারের মধ্যেই উদ্ধারকাজ শুরু করে। ধারণা করা হচ্ছে, সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে নৌকাটির ইঞ্জিনে কোন ত্রুটি দেখা দিয়েছিল। জানা গেছে, নৌকার যাত্রীরা একদিকে জড়ো হয়ে পাশ দিয়ে যাওয়া একটি বিমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টাকালে দুর্ঘটনা ঘটে। পরে মাল্টার বিমানবাহিনীর নজরে পড়লে তারা ইতালির নৌবাহিনীকে জানায় এবং দুই দেশের উদ্ধারকারীরা অন্ধকারের মধ্যেই উদ্ধার অভিযান শুরু করে। মাল্টার নৌবাহিনী জানিয়েছে, তাদের একটি জাহাজ এখন পর্যন্ত ১৫০ জনকে উদ্ধার করেছে। আর ইতালির নৌবাহিনীর জাহাজ ৫৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে লাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে। নৌকাডুবির পর মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট বলেছেন, আফ্রিকার কাছে ইউরোপীয় জলসীমা সমাধিক্ষেত্রে পরিণত হয়েছে। তিনি বলেন, বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনায় শত শত অভিবাসীর মৃত্যুর পর ইউরোপীয়দের লজ্জা হওয়া উচিত এবং ইউরোপীয় ইউনিয়নের উচিত এই সমস্যার একটি দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করা।