সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ২৫তম ওরস শরীফ গত শুক্রবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হয়েছে। মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল—রওজা শরীফে গিলাফ চড়ানো, আলোচনা সভা, কোরআন খতম, জিকির, মিলাদ মাহফিল, মরমী সংগীত, তবারুক বিতরণ ও আখেরি মোনাজাত। ওরস উপলক্ষে মাইজভাণ্ডার শরীফকে ঘিরে দেশের নানা প্রান্ত থেকে আসা লাখো আশেক-ভক্তের ঢল নামে। এছাড়া সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে ‘ইসলামের ইতিহাস-ঐতিহ্য সম্বলিত দুর্লভ চিত্র ও ভিডিও চিত্র’ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
রাতে কেন্দ্রীয় মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দ মোহাম্মাদ হাসান মাইজভাণ্ডারী। তিনি বলেন, সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবন দর্শনই হলো মনুষত্ববোধের জাগরণ ও পবিত্র জীবন যাপনের মাধ্যমে আল্লাহ ও প্রিয় নবীজীর (সা.) সন্তুষ্টি অর্জন। মাওলানা মো. হাবীবুল হোসাইনের পরিচালনায় এ মাহফিলে অংশ নেন—জামাল আহমদ সিকদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, মাওলানা মোহাম্মদ ইউনুস আল কাদেরী, ড. মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত করা হয়।
