গাইবান্ধা-৩ গোবিন্দগঞ্জ এলাকার সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে জামায়াত প্রীতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে গত শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধু প্রজন্মলীগ। বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ তাঁতী লীগ এর রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শেখ মোঃ শরিফুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, উপজেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডলের সুপারিশে তিনি মহানগর গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করেছেন। কামদিয়া ইউনিয়নে জামায়াত-শিবির আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দিলেও এমপি আজ পর্যন্ত কোন মামলা করতে দেননি। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। শুধু তাই নয়, সংসদ সদস্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তির সুপারিশ করেছেন মোটা অংকের টাকার বিনিময়ে। যার মধ্যে জেলা জামায়াতের আমির আব্দুর রহিমের বড়দহ মাদ্রাসা অন্যতম। এছাড়াও বিএনপি নেতা ও জিয়া পরিষদের সদস্য সবুজকে মোটা অংকের টাকার বিনিময়ে গোবিন্দগঞ্জ কলেজে উপাধ্যক্ষ হিসেবেও নিয়োগ দিয়েছেন। বক্তব্যে আরো বলেন, তার বিরুদ্ধে জেলা পরিষদের মাধ্যমে এলাকার উন্নয়নে প্রদত্ত ১ কোটি টাকা এবং টিআর কাবিখা প্রকল্পের বরাদ্দকৃত চাল ও গমের কোন প্রকল্প বাস্তবায়ন না করে লুটপাট করেছেন।
সংসদ মনোয়ার হোসেন চৌধুরি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য এসব মিথ্যাচার করে চলেছেন।
