কোরবানির পশুবহনকারী একটি ট্রাকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৬ দুর্বৃত্ত। রবিবার গভীর রাতে শনিরআখড়া ব্রিজের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হল জুলহাস হাওলাদার, মোকসেদুর সর্দার, সোহেল রানা, জাফর হোসেন, সাইফুল ইসলাম ও কবির হোসেন। এ সময় তাদের কাছে থেকে দুই সেট পুলিশের পোশাক, ওয়াকিটকি, খেলনা পিস্তল, দুইটি চাপাতি, দুইটি রামদা ও তাদের ব্যবহূত মাইক্রোবাসটি আটক করা হয়।
এব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জানান, গ্রেফতারকৃতরা পুলিশের পোশাক পরিধান করে কখনও পশুবহনকারী ট্রাকগুলোকে দাঁড় করিয়ে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার নামে চালক ও হেলপারকে তাদের ব্যবহূত মাইক্রোবাসের কাছে ডেকে নিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে মোটা অংকের টাকা আদায় করতো। আবার অনেক সময় ট্রাক চালক ও হেলপারকে নেশা জাতীয় কিছু খাইয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
