উত্তরায় রাস্তার ওপর পশুর হাট না বসানোর আবেদন

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২১:৪০
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সরকারি খোলা জায়গা বা মাঠ ইজারা দিয়ে থাকে। উত্তরা আবাসিক এলাকার ৬ নম্বর সেক্টরের শাহজালাল অ্যাভিনিউর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশাল খেলার মাঠটি ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর) কর্তৃপক্ষ কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা দেন। কিন্তু পশুর হাট গত কয়েক বছর ধরে মাঠ পেরিয়ে চার নম্বর সেক্টরের অংশবিশেষ তথা শাহজালাল অ্যাভিনিউ ও আশেপাশের রাস্তা এবং ৬ নম্বর সেক্টরের ঈশা খান অ্যাভিনিউ ও আশেপাশের গলি সড়ক এমনকি ঢাকা-টঙ্গী-ময়মনসিংহ মহাড়কের ওপরে চলে আসে। ঈশা খান অ্যাভিনিউ উত্তরার ব্যস্ত একটি সড়ক। এটি ঢাকা-টঙ্গী-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে ৬ নম্বর সেক্টরের অভ্যন্তরীণ সড়কগুলোকে যুক্ত করেছে। ঈশা খান অ্যাভিনিউয়ে হাট বসানোর ফলে সবসময়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে পার্শ্ববর্তী ছোট সড়কগুলোতেও তা বিস্তৃত হয়। ছয় নম্বর সেক্টরের মধ্যাঞ্চলসহ প্রায় পুরো এলাকাই কার্যত অচল হয়ে পড়ে। পশুর পয়ঃবর্জ্যের উত্কট দুর্গন্ধে ঈশা খান অ্যাভিনিউয়ের বাসিন্দারা ঈদ-উল-আজহার বেশ কয়েকদিন পর পর্যন্ত দুর্বিষহ দিন কাটান। ইদানীং বৃষ্টির কারণে এ সড়ক গোবর-কাদা-পানিতে একাকার । রাস্তায় কোনো পশুর হাট বসানোর জন্য ইজারা দেওয়া হয় না। ইজারাদারদের সহায়তায় ব্যবসায়ীরা একটি দুটি করে রাস্তায় পশু আনার ফলে একসময় রাস্তায় হাট বসে যায়। সড়কে পশুর হাট না বসানোর জন্য মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞাও রয়েছে। এ অবস্থায়, অবিলম্বে উত্তরা আবাসিক এলাকার ছয় নম্বর সেক্টরের ঈশা খান অ্যাভিনিউ পশুর হাটের আওতামুক্ত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নিয়াজ আহমেদ চৌধুরী, ৫১ ঈশা খান অ্যাভিনিউ, সেক্টর ৬, উত্তরা আবাসিক এলাকা, ঢাকা ১২৩০