বিশ্বসেরা অলরাউন্ডার কে? স্যার ইয়ান বোথাম, স্যার গ্যারফিল্ড সোবার্স, কপিল দেব, রিচার্ড হ্যাডলি, ইমরান খান, জ্যাক ক্যালিস নাকি ওয়াসিম আকরাম? ঝড় তোলার মতোই এক বিতর্ক। আর এই বিতর্কের তালিকায় গতকাল রবিবার যোগ হলেন আরও একজন। যোগ হলেন বাংলাদেশের একজন স্পিনিং অল রাউন্ডার। আর শুধু যোগ হওয়াই নয়, এক হিসেবে ছাড়িয়ে গেলেন বাকি সবাইকে। তিনি সোহাগ গাজী। ১৩৬ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করলেন সোহাগ।
চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিয়েছিলেন ২ উইকেট, পরে ব্যাট হাতে করলেন অপরাজিত ১০১ রান। এরপর আবার আজই নিলেন ৭৭ রানে হ্যাটট্রিকসহ ছয় উইকেট। সত্যিই বিস্ময়কর! ইনিংসের ৮৫তম ও নিজের ২৪তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে কোরি অ্যান্ডারসন, জন ওয়াটলিং ও ডগ ব্রেসওয়েলকে আউট করে অর্জন করলেন হ্যাটট্রিক। রচিত হলো নতুন ইতিহাস। স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল সোহাগ গাজীর নাম।
বিশ্ব কাঁপিয়ে বেড়ানো অলরাউন্ডাররা এই রেকর্ডের জন্য দিন গুনেছেন, ফিরে এসেছেন কাছ থেকে। জ্যাক ক্যালিস ও ইয়ান বোথাম ফিরেছেন একদম দ্বারপ্রান্ত থেকে।
প্রথম শ্রেণির ম্যাচে এর আগেও এই রেকর্ড ছিল সোহাগ গাজীর। ঘরোয়া ক্রিকেটে অলরাউন্ডার বলেই পরিচিত সোহাগ এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বের মাত্র ১২তম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করেছিলেন। সেই ঘটনাও খুব বেশিদিন আগের নয়। গত বছর অক্টোবর মাসে জাতীয় লিগে খুলনার বিপক্ষে বরিশালের হয়ে ৯৩ বলে ১১৯ করার পর বল হাতে ৭ উইকেট নেয়ার পথে করেছিলেন হ্যাটট্রিক। এর আগেও জাতীয় লিগে তার একটি সেঞ্চুরি ছিল। সাথে আছে চারটি হাফ সেঞ্চুরিও।
জাতীয় লিগে সেই খুলনার বিপক্ষেই ২০১১ সালের অক্টোবরে ৯৯ বলে করেছিলেন ১৪০। বিস্ময়কর তথ্য আছে আরেকটি, প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম দুটি সেঞ্চুরির রেকর্ডই কিন্তু সোহাগের! ১৪০ রানের ওই ইনিংসটির পথে সেঞ্চুরি ছুঁয়েছিলেন ৬৭ বলে, ১১৯ রানের পথে সেঞ্চুরি এসেছিল ৭৬ বলে।
আজ সোহাগ যখন সেঞ্চুরির পাশাপাশি ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিলেন, তাতেই রেকর্ড বইয়ে নাম উঠে গেল। টেস্ট ক্রিকেটে এই কীর্তি এর আগে মাত্র ২৮ বার হয়েছে। এর মধ্যে ইয়ান বোথাম একাই ৫ বার এবং মুশতাক মোহাম্মদ ও জ্যাক ক্যালিস ২ বার করে করেছেন কীর্তিটা। মজার ব্যাপার হল টেস্ট ক্রিকেটে সর্বশেষ এই কীর্তি একজন বাংলাদেশিই করেছেন-সাকিব আল হাসান।
২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরের হোম অব ক্রিকেটে ১৪৪ রানের ইনিংস খেলার পাশাপাশি ৬ উইকেট নিয়েছিলেন ৮২ রানে। সাকিব এর আগে ৩ বার এই কীর্তির খুব কাছ থেকে ফিরেছেন।
তবে, এই সবই এখন আলোচনার ঊর্ধ্বে। সর্বসেরাদের তালিকায় নাম লিখিয়েছেন সোহাগ গাজী। এবার এই ফর্মটা ধরে রাখার পালা!
