খার্লজাদা কসরত রাজার হাঁটার রেকর্ড আছে আগেও। কিন্তু এবার হাঁটলেন পবিত্র মক্কা নগরীতে হজ্ব করতে যাওয়ার জন্য। হাঁটলেন ৬ হাজার ৩৮৭ কিলোমিটার। পৌঁছালেন মক্কায় এবং সংবর্ধনা পেলেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছ থেকে।
৩৭ বছর বয়সী পাকিস্তানি নাগরিক গত ৭ জুন করাচি থেকে যাত্রা শুরু করেন। ইরান, ইরাক এবং জর্ডান হয়ে গত পহেলা অক্টোবর সৌদি আরবের মক্কা নগরীতে পৌঁছান। সৌদি সরকার, মক্কার ইমামের প্রতিনিধি ও সৌদিতে পাকিস্তানি নাগরিকদের একটি দল খার্লজাদাকে বীরোচিত সংবর্ধনা দেন। খার্লজাদা জানান, তিন মাসের বেশি হাঁটার মধ্য দিয়ে তিনি বিশ্বকে শান্তির বার্তা দিতে চেয়েছেন। তিনি মুসলিম উম্মাহর ঐক্য প্রত্যাশা করেন এবং ইউরোপীয় ইউনিয়নের আদলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমস্যা মোকাবিলা করার আহবান জানান। এর আগে তিনি ২০০৯ সালে লাহোর থেকে ইসলামাবাদে যেতে ১৪ দিন হাঁটেন। ২০০৭ সালে খাইবার এবং করাচির মধ্যে ১হাজার ৯৯৯ কি.মি হাঁটেন।- এনডিটিভি
