জেলায় পৃথক ঘটনায় গতকাল রবিবার দুইজনকে খুন করেছে দুর্বৃত্তরা।এদের মধ্যে মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামে রোকন মোল্লা (৪৮) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে প্রতিপক্ষ দলের লোকেরা। রোকন মোল্লা বাড়ি ফেরার পথে গ্রামের পশ্চিম পাড়ায় কয়েকজন যুবক তাকে কুপিয়ে গুরুতর জখম করে। সদর হাসপাতালে ভর্তির পর গতকাল তার মৃত্যু হয়।
অপর দিকে সদর উপজেলার কুল্লিয়া গ্রামে পলাশ (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সকালে কুল্লিয়া গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পলাশ গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল। তার বাড়ি সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামে।
সদর থানার এস আই জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। পৃথক দুটি হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
