জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করে বাকশাল কায়েম করতে চায়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সমমনা ইসলামী দলকে নিয়ে আলাদা জোট গঠনের চেষ্টা করছি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপি নির্বাচনে না গেলে জাতীয় পার্টি (এ) ওই নির্বাচনে অংশ নেবে না। জাতীয় পার্টি (এ) অংশ না নিলে দেশে কোন নির্বাচন হবে না।
গতকাল রবিবার ঈদ-উল আজহা উদযাপন করতে রংপুরে এসে তার ‘পল্লী নিবাস’ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এরশাদ বলেন, আগামী ২৫ অক্টোবরের পর দেশ অনিবার্য সংঘাতের দিকে যাবে। তবে এর আগেই মহাজোট ছেড়ে দেবে জাতীয় পার্টি। কখন ছাড়বে সময় হলে তা জাতি জানতে পারবে। তিনি আরো বলেন, সংসদ রেখে নির্বাচন করতে চায় সরকার। কিন্তু তা কিভাবে সম্ভব? জনগণ সে নির্বাচন প্রতিহত করবে। সে নির্বাচনে অংশ নিয়ে আমি শেষ বয়সে আর দালাল হতে চাই না। কাউকে বৈধতা দেয়ার জন্য দালাল হব না। তিনি বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না। তাই আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের ব্যানারে নির্বাচন করার প্রশ্নই ওঠে না। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর জাতীয় পার্টি (এ) সভাপতি মসিউর রহমান রাঙ্গা, জেলা সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সালাহউদ্দিন কাদেরী, জেলা নেতা আব্দুর রাজ্জাক, হাসানুজ্জামান নাজিম, যুব সংহতির নেতা মোঃ ইউসুফ প্রমুখ।
