রাজশাহীর চারঘাটে দারোগাকে মারপিট করে আসামী ছিনতাই করে নেয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, চারঘাট মডেল থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেন রবিবার উপজেলার বাদুড়িয়া গ্রামে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মহিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসার সময় আসামি পক্ষের লোকজন হাসুয়া, লাঠিসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এএসআই মোশাররফসহ সঙ্গীয় ফোর্সের ওপর আক্রমণ করে আসামিকে ছিনিয়ে নেয়। তাদের এলোপাতাড়ি মারপিটে এএসআই মোশাররফের শরীরে বিভিন্ন জায়গায় জখম হয় এবং একটি হাত ভেঙ্গে গেছে বলে জানা যায়।
তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল। প্রসঙ্গত, ৫/৬ দিন আগে অপর উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মামুন উক্ত আসামিকে আটক করতে গেলে আসামি পক্ষের প্রচণ্ড বাধার মুখে আসামি না ধরে ফিরে আসেন।
