নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পরপরই সদ্য ঘোষিত কমিটির সভাপতি সারোয়ার হোসেন খানের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ এনে নেতা-কর্মীরা গত তিনদিন যাবত্ সভাপতির অপসারণ দাবি করে মিছিল-সমাবেশ করছে। গতকাল সোমবারও মিছিল-সমাবেশ হয়। জানা গেছে, ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের কোন মতামত বা নির্বাচন ছাড়াই গত শুক্রবার রাতে সারোয়ার হোসেন খানকে সভাপতি এবং নজরুল ইসলাম মন্ডলকে সম্পাদক করে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি-সম্পাদকের নাম জানার পরপরই সভাপতির নাম নিয়ে পূর্বধলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা এই সভাপতিকে অছাত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ এনে গত শনিবার থেকে শুরু করা মিছিল-সমাবেশ গত রবিবারও অব্যাহত ছিল। তারা বর্তমান সভাপতির অপসারণ এবং নতুন সভাপতি ঘোষণার দাবি জানিয়ে পূর্বধলায় মিছিল বের করে। মিছিল শেষে বক্তব্য রাখেন মুকুল সারোয়ার আকন্দ, আব্দুল হামিদ, রেজুয়ান মাসুদ, মাহামুদুুল হাসান, আরিফুল ইসলাম এবং তরিকুল ইসলাম। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সম্পাদক খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনাকে পূর্বধলা ছাত্রলীগের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন।
