রামগড় সরকারি কলেজে ১৫ জন শিক্ষক নেই

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২১:২৭
একের পর এক বদলির কারণে শিক্ষক শূন্য হয়ে পড়ছে রামগড় সরকারি ডিগ্রি কলেজ। অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ ২৩ জন শিক্ষকের মধ্যে বর্তমানে মাত্র ৮ জন কর্মরত আছেন। অধ্যক্ষ ও ছয়টি বিষয়ের সবগুলো পদসহ ১৫টি শিক্ষকের পদ শূন্য। শিক্ষকের অভাবে শ্রেণি কার্যক্রম অচল হয়ে পড়েছে। এ নাজুক অবস্থায় কলেজের ৮ শতাধিক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা চরমভাবে উদ্বিগ্ন। এদিকে শিক্ষক পোস্টিংয়ের দাবিতে শিক্ষার্থীরা রামগড়ে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি নিয়ম অনুযায়ী কর্মরত শিক্ষককে অন্যত্র বদলি করতে অধ্যক্ষের সুপারিশ বা মতামত নিতে হয়। কিন্তু রামগড় কলেজ থেকে অল্পদিনের ব্যবধানে পর পর পাঁচজন শিক্ষককে অন্যত্র বদলির ক্ষেত্রে এ নিয়মের তোয়াক্কা করা হয়নি। ব্যবস্থাপনা, দর্শন, অর্থনীতি ও বাংলা বিভাগের প্রতিটিতে ২ জন শিক্ষকের বদলে একজন কর্মরত ছিলেন।