যুক্তরাষ্ট্রকে চলমান আর্থিক সংকট দ্রুত নিরসনের আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। না হলে বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা। রবিবার বিশ্ব নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি দেন। এর আগে বিশ্বব্যাংক মন্তব্য করে, যুক্তরাষ্ট্র ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। খবর নিউইয়র্ক টাইমসের।
রবিবার বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার (আইএমএফ) নেতৃবৃন্দ বৈঠকে বসেন। এ সময় আইএমএফ প্রধান ক্রিস্টিনা লাগার্দে বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই বর্তমান সংকট থেকে বের হয়ে আসতে হবে। তা না হলে সারা বিশ্বে এর নেতিবাচক প্রভাব পড়বে। বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকটই গুরুত্ব পায়। বৈঠকে চীন এবং সৌদি আরবের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। লাগার্দে এনবিসি টেলিভিশনে এক অনুষ্ঠানে বলেন, যুক্তরাষ্ট্রের মূল সমস্যা ঋণসীমার বৃদ্ধি। কিন্তু শিগগিরই এর কোনো সমাধান হবে এমন আভাস পাওয়া যাচ্ছে না। রবিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সিনেট নেতৃবৃন্দ বৈঠক করলেও কোনো সমঝোতায় আসতে পারেননি। কর্মকর্তারা বলছেন, আগামী ১৭ ই অক্টোবরের মধ্যে ঋণ গ্রহণের সীমা বাড়ানো না হলে যুক্তরাষ্ট্র চরম সংকটে পড়বে। প্রেসিডেন্ট ওবামা প্রস্তাবিত ২০১০ স্বাস্থ্য সংস্কার কর্মসূচিতে অর্থায়ন না করতে দেশটির নতুন বাজেট আটকে দেন রিপাবলিকানরা।
