পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি তার বাণীতে দেশবাসী ও মুসলিম উম্মাহ্র সকল ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ বিনির্মাণে ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য। পবিত্র ঈদ-উল-আয্হার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। পবিত্র ঈদ-উল-আয্হা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তার দেয়া বাণীতে পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই উত্সবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে প্রকারান্তরে সকলের মধ্যে সমতা প্রতিবিধান এবং সহমর্মিতা অনুশীলন করে থাকেন। তিনি পবিত্র ঈদ-উল-আয্হার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন এক সুখী-সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
বিরোধী নেত্রী
বিরোধী দলীয় নেত্রী তার বাণীতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের বর্তমান অবস্থায় সবার পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। পানি, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের তীব্র সংকট জনজীবনে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি বলেন, ঈদের এই আনন্দে কেউ যাতে অভুক্ত না থাকে, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এক কাতারে মিলে সবাইকে ঈদের আনন্দ একসঙ্গে ভাগ করে নিতে হবে।
জেপির শুভেচ্ছা
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, ঈদুল আজহা আমাদের কাছে এসেছে সুমহান আত্মত্যাগ এবং ঈমানকে সুদৃঢ় করার বাণী নিয়ে। পবিত্র ঈদুল আজহা হযরত ইব্রাহীম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর সর্বোচ্চ ত্যাগের আদর্শে মহিয়ান। পরম করুণাময় আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান ও আস্থা স্থাপনের শিক্ষা দেয় ঈদুল আজহা। এছাড়া আল্লাহ তার প্রিয় বান্দাদের প্রতি অশেষ রহমত ও বরকত প্রদানেরও শিক্ষা দেয় এই ঈদ। আমরা ঈদুল আজহার এই ত্যাগের শিক্ষা যদি নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তবেই ঈদুল আজহা উদযাপনের সম্পূর্ণ সার্থকতা। আমরা দেশবাসীকে ঈদ মোবারক জানিয়ে কামনা করি যে, এই ঈদ তাদের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক।
মার্কিন রাষ্ট্রদূতের শুভেচ্ছা
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সোমবার এক বাণীতে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে তিনি বলেন, আমার স্ত্রী গ্রেস, আমাদের পরিবার এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আমার সকল সহকর্মীর পক্ষ থেকে বাংলাদেশে যারা ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন তাদের আমি প্রাণঢালা শুভেচ্ছা জানাই।
