ভোলার তজুমদ্দিনে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠায়। নিহত যুবক মো. আজগর (২৫) চর মোজাম্মেলের সেরাজল হকের ছেলে।
নিহতের স্ত্রী ইয়াছমিন বেগম জানান, দেড় বছর আগে আজগরের সঙ্গে তাদের বিবাহ হয়। এক বছর আগে তাকে ফেলে রেখে আজগর চট্টগ্রাম চলে যায়। ভরন-পোষণসহ কোনো রকম যোগাযোগ রক্ষা করেনি। গত এক সপ্তাহ আগে আজগর আমাদের সঙ্গে দেখা করতে আসে।
স্ত্রী আরও জানান, শনিবার সন্ধ্যায় আজগরের মোবাইলে একজন নারী ফোন করে এ নিয়ে তার সঙ্গে ঝগড়া হয়। পরে রাতে কোনো এক সময় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহতের ছোট ভাই জোনায়েদ অভিযোগ করে বলেন, তার ভাই আজগরকে শ্বশুর বাড়ির লোকেরা মেরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে চীন: তথ্যমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূত
অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রির্পোট না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
ইত্তেফাক/কেকে
