ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসসহ বিভিন্ন রুটের সকল আন্তঃনগর ট্রেন ডোমারের সীমান্ত রেলস্টেশন চিলাহাটি থেকে চলাচলের দাবি নিয়ে নীলফামারীর ডোমার উপজেলা শহরের ছাত্র জনতা বিক্ষোভ করছে। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় রাজশাহীগামী ৭৩৪ ডাউন আন্তঃনগর ট্রেনটি চিলাহাটি থেকে ডোমার রেলস্টেশনের প্রবেশের আগেই ট্রেনটি আটকে ছাত্র-জনতা রেললাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে। এ সময় ট্রেনের যাত্রীরাও এই আন্দোলনে যোগ দেয়। ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম দানুর আশ্বাসের প্রেক্ষিতে ট্রেনটি ছেড়ে দেয়া হয়।
বিক্ষোভকারীরা জানায়, ব্রডগেজ লাইনের ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ও খুলনাগামী আন্তঃনগর রূপসা ও সীমান্ত এক্সপ্রেস ও রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন সৈয়দপুর ও নীলফামারী থেকে চলাচল করছে। আর আন্তঃনগরের একটি মাত্র ট্রেন তিতুমীর এক্সপ্রেস চলাচল করছে চিলাহাটি ডোমার হয়ে রাজশাহী পথে। ফলে নীলফামারী জেলার ডোমার উপজেলাবাসী ঢাকা ও খুলনা পথে চলাচলে আন্তঃনগর ট্রেন থেকে দীর্ঘদিন বঞ্চিত হয়ে আসছে। এ নিয়ে অনেকবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়া হয়।
তারা আরো জানায়, এই দাবির প্রেক্ষিতে চলতি বছরের গত রোজার ঈদের আগে ১০ জুলাই থেকে রেলকর্তৃপক্ষ চিলাহাটি ডোমার হয়ে সকল আন্তঃনগর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয়। এ জন্য গত ৮ জুলাই ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে পরীক্ষামূলকভাবে ডোমার ও চিলাহাটি রেলপথে চালানো হয়। কিন্তু অজ্ঞাত কারণে ঐসব ট্রেন আর চলাচল করেনি ডোমার ও চিলাহাটি থেকে।
এ ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার ফেরদৌস আলম মোবাইল ফোনে জানান, চিলাহাটি-ডোমার ব্রডগেজ লাইনে কিছু ত্রুটি রয়েছে। ফলে সকল ট্রেন ঐ পথে চালানো সম্ভব হচ্ছে না। তাই তিনি মোবাইলফোনে আন্দোলনকারীদের সাথে কথা বলে জানিয়ে দিয়েছেন আগামী বছরের এপ্রিল থেকে সকল ট্রেন ডোমার চিলাহাটি থেকে চলাচল করবে।
