প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, সরকার সংবিধান সংশোধন করবে না। বর্তমান সংবিধানের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে না আসলেও বাকি ৪৮টি নিবন্ধিত দল নিয়ে নির্বাচন কমিশন নির্বাচন করবে। এদেশে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে দেয়া হবে না। বর্তমান সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। গত বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে দলীয় সভানেত্রী যাকে মনোনয়ন দেবেন তাকে নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম পুন্নুর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী সভায় আরো বক্তব্য রাখেন শফিকুল ইসলাম এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল হক, এমপি মনোনয়ন প্রত্যাশী তানভীর ইমাম, সাবেক পৌর মেয়র এডভোকেট মারুফ বিন হাবিব, পৌর আওয়ামী লীগ সভাপতি আহসান আলী ও সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম।
