খুলনায় সন্ত্রাসীদের গুলিতে বিএনপি সমর্থিত কেসিসি’র ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু (৪০) আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর খালিশপুরে কাউন্সিলরের নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। কাউন্সিলর পিন্টুর বাম পায়ে একটি গুলি লাগে। এসময় দু’পক্ষের মধ্যে ১০ রাউন্ড শটগানের গুলি বিনিময় হয়। এতে ৮ জন আহত হয়েছে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের ইস্যু ও ফুটবল খেলাকে কেন্দ্র করে কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার উত্তর কাশিপুর এবং চেয়ারম্যান বাড়ির ছেলেরা কাউন্সিলরের বাড়ির সামনের মাঠে ফুটবল খেলছিল। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কাউন্সিলর পিন্টু ও আমানত ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করছিল। এসময় পরাজিত এক কাউন্সিলর প্রার্থীসহ ২৫/৩০ জনের একটি দল এলোপাতাড়িভাবে কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুকে লক্ষ্য করে গুলি করে।
