গোপালগঞ্জে নার্সের রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২২:১৩
গোপালগঞ্জে সম্মিলিত সামরিক হাসপাতালের শিক্ষানবিশ নার্স কাজলী অধিকারীর (২৪) রহস্য জনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলার মাদারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। কাজলী মাদারবাড়ী গ্রামের রমেশ অধিকারীর মেয়ে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ৫ মাস আগে কাজলী ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শিক্ষানবিশ নার্স হিসেবে কাজ শুরু করেন। গত ১৪ অক্টোবর তিনি গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে কোটালীপাড়া হাসপাতালে নেয়ার পথেই মারা যান। পরিবাবের পক্ষ থেকে এটিকে রহস্যজনক মৃত্যু বলে দাবি করা হয়েছে। স্থানীয় অপর একটি সূত্র জানিয়েছে, ৮ম শ্রেণীতে অধ্যয়ন করার সময় প্রতিবেশী কুলু ভূষন রায়ের ছেলে সহপাঠী টিকেন্স রায়ের সাথে কাজলীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেম ঘটিত ব্যাপারে হত্যা বা আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ওই সূত্র দাবি করেছে। কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ জানিয়েছেন, সম্মিলিত সামরিক হাসপাতালের নার্সের মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। এ কারণে লাশ পোষ্ট মর্টেমে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।