বিশ্ব ক্ষুধা সূচকে ১০ ধাপ এগিয়ে বাংলাদেশ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২২:৩৯
বিশ্ব ক্ষুধা সূচকে (জিএইচআই) গতবারের অবস্থান থেকে ১০ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ৬৮তম স্থান থেকে এ বছর ৫৮তম স্থানে রয়েছে দেশটির অবস্থান। তবে এখনও বাংলাদেশের ক্ষুধা পরিস্থিতি বেশ খারাপ বলে এ বিষয়ক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক খাদ্য বিষয়ক নীতি গবেষণা ইন্সটিটিউট (আইএফপিআরআই), কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং ওয়েলথ হাঙ্গার লাইফ যৌথভাবে গতকাল শুক্রবার সূচকটি প্রকাশ করেছে। আইএফপিআরআই’র ওয়াশিংটনস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সূচকটি প্রকাশ করা হয়। বিশ্ব ক্ষুধা সূচক নির্ধারণে তিনটি দিক বিবেচনা করা হয়েছে। এগুলো হলো- নিম্ন লালন-পালন পরিস্থিতি, শিশুদের স্বল্প ওজন এবং শিশু মৃত্যু হার। ১০০ স্কোরের মধ্যে শূন্য স্কোর হলো সবচেয়ে ভালো অর্থাত্ ক্ষুধা মুক্ত পরিস্থিতি। সূচকে দেখা গেছে, যে দেশগুলো উন্নতি করেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তবে এখনও বাংলাদেশের স্কোর ২৪ পয়েন্ট। সাধারণত কোনো দেশের স্কোর ১৯.৪ এর বেশি হলেই ক্ষুধা পরিস্থিতি বেশ সিরিয়াস বা মারাত্মক বলে ধরা হয়। এ দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থানের উন্নতি হলেও পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়। প্রসঙ্গত, ১৯৯০ থেকে ১৯৯২ সালে বিশ্বে প্রায় ১০০ কোটি মানুষ ক্ষুধার্ত ছিল। বর্তমানে প্রায় ৮৭ কোটি মানুষ ক্ষুধার্ত। অর্থাত্ বিশ্বের ৮ জন মানুষের মধ্যে একজনই ক্ষুধার্ত।