ভারতে গোলাবারুদসহ মার্কিন জাহাজ আটক

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২৩:০২
বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আমেরিকার একটি জাহাজের ৩৫ জন নাবিককে আটক করেছে তামিলনাড়ু পুলিশ। এনডিটিভি জানায়, কোস্টগার্ড সদস্যরা শনিবার টুটিকোরিনের পূর্বদিক থেকে জাহাজটি আটক করে। ‘দ্য এমভি সিম্যান গার্ড ওহিও’ নামের জাহাজটি যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা কোম্পানির মাধ্যমে পরিচালিত। জাহাজটির নাবিকদের মধ্যে আটজন ভারতীয় নাগরিক। বাকিরা যুক্তরাজ্য, এস্তোনিয়া ও ইউক্রেনের নাগরিক। পুলিশ জানায়, নাবিকরা ভারতীয় বেশকিছু আইন ভঙ্গ করেছেন। এছাড়া জাহাজে কি কি অস্ত্র আছে তার কোনো তালিকাও তারা রাখেননি। কোস্টগার্ডরা জাহাজ থেকে ৩১টি অ্যাসল্ট রাইফেল এবং প্রায় চার হাজার রাউন্ড গুলি জব্দ করে। অস্ত্রগুলো বর্তমানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কাছে রাখা হয়েছে। একটি মাছ ধরার নৌকা থেকে অবৈধভাবে দেড় হাজার লিটার ডিজেল ক্রয়ের অপরাধেও নাবিকদের অভিযুক্ত করা হয়েছে। তামিলনাড়ুর নৌ-পুলিশ আটক জাহাজটির ১০জন ক্রু এবং ২৫ জন গার্ডের বিরুদ্ধে এফআইআর দাখিল করেছে। সূত্র জানায়, ৪৫ দিন আগে কোচিতে জাহাজটিতে তল্লাশি চালানো হয়েছিলো। তখন কোনো অস্ত্র পাওয়া যায়নি। অস্ত্র নিয়ে যাওয়ার সময় কোস্টগার্ড বা ভারতীয় নৌ-বাহিনীকে জাহাজের পক্ষ থেকে কোনো ধরনের তথ্য জানানো হয়নি। গত বছর ফেব্রুয়ারিতে কেরালা উপকূলে ইটালির দুজন নাবিক দুজন ভারতীয় জেলেকে গুলি করে হত্যা করে। বর্তমানে তারা ভারতে শাস্তি ভোগ করছেন।