সিলেটে ১৮ দলের সংগ্রাম কমিটি শুরুতেই অসন্তোষ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২৩:০৫
একদলীয় নির্বাচন প্রতিরোধে সিলেটে ভোট কেন্দ্রভিত্তিক সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করতে জোর প্রস্তুতি চালিয়েছে ১৮ দলীয় জোট। এদিকে কমিটি গঠনের আগেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে অসন্তুোষ লক্ষ্য করা যাচ্ছে। গতকাল বিকালে মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি সালেহ আহমদ খসরু ইত্তেফাককে বলেন, তাদের বা বিএনপির অঙ্গ সংগঠনকে ঐ কমিটি গঠনের বিষয়ে জানানো হয়নি। তবে তারা বসে থাকবেন না, তারা স্বেচ্ছাসেবক দলসহ পৃথক সংগ্রাম কমিটি গঠন করে মাঠে সক্রিয় থাকবেন। তিনি বলেন, বর্তমানে দেশ নেত্রী বেগম জিয়া যে আন্দোলনের ডাক দিয়েছেন-তা থেকে পিছিয়ে থাকার কোন অবকাশ নেই। অন্যদিকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগও বসে নেই। তারা সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রের নির্দেশে তারা যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত। শুক্রবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়। ২৪ অক্টোবরকে কেন্দ্র করে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্যান্য স্থানের মত সিলেটের মানুষও উদ্বেগে দিন কাটাচ্ছেন। প্রবাসী অধ্যুষিত এই এলাকার অনেকেই ঈদের ছুটি শেষ হতে না হতেই আবার প্রবাসে চলে গেছেন। নিউজিল্যান্ড থেকে এসেছিলেন সুনামগঞ্জের দিদার আলম দেশে কিছুদিন ছুটি কাটানোর আশা নিয়ে। দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে তিনি চলে গেছেন গত শনিবার। আবার কেউ লন্ডন-আমেরিকা থেকে দেশে আসতে একটু সময় নিচ্ছেন। তারা দেশের পরিস্থিতির উপর দৃষ্টি রাখছেন বলে একাধিক প্রবাসী এই প্রতিনিধিকে জানান। সিলেট সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনের লক্ষ্যে ১৮ দলীয় জোট সিলেট মহানগরের নেতারা বৈঠক করে আগামী ২৫ অক্টোবর দুপুর ২টায় নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছেন। সিলেট ১৮ দলের আহ্বায়ক ও নগর বিএনপির সভাপতি এমএ হক জানান, ২৪ তারিখ থেকেই প্রতিটি ভোট কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি থাকবে। সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন জানান, গত সোমবার ১৮ দলীয় জোটের অনুষ্ঠিত বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, ২৪ অক্টোবরের আগেই সংগ্রাম কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হবে। ‘কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মাঠে নামবে সংগ্রাম কমিটি’ উল্লেখ করে তিনি আরো জানান, কমিটিতে দলে সক্রিয় ও ত্যাগী ভূমিকা রাখতে পারেন এমন নেতাদের রাখা হবে। সূত্র জানায়, ২২ অক্টোবরের মধ্যে সিলেট মহানগরের সব ওয়ার্ডে ভোট কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের লক্ষ্যে নয়টি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সমন্বয় কমিটিতে ১৮ দলীয় জোট মহানগর নেতাদের রাখা হয়েছে। সোমবার মহানগর বিএনপি সভাপতি এমএ হকের যতরপুরস্থ বাসভবনে জোটের বৈঠকে সভাপতিত্ব করেন এমএ হক। জোটের সদস্য সচিব ও নগর জামায়াতের নায়েবে আমির হাফিজ আব্দুল হাই হারুন সভা পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম ও তারেক আহমদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক ওমর আশরাফ ইমন, বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা. সায়েফ আহমদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ফখরুল ইসলাম, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী প্রমুখ।