আজ শনিবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এবং আগামীকাল রবিবার ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর গুলশানে তার কার্যালয়ে দু’দিনই রাত সাড়ে ৮টায় এই বৈঠক শুরু হবে বলে জানা গেছে।
জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ, উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি, ২৫ অক্টোবরের সমাবেশ ও আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে এই দুটি বৈঠকে আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন এরইমধ্যে তার উপদেষ্টাদের সঙ্গেও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কথা বলেছেন নির্বাহী কমিটির অনেকের সঙ্গেও।
হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাত্ আজ
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী নেতারা আজ শনিবার বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ ও শুভেচ্ছা বিনিময় করবেন। ?আজ বিকাল তিনটায় রাজধানীর বেইলী রোডে লেডিস ক্লাবে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া।
