আবারো ওয়ান ইলেভেনের শঙ্কা এরশাদের

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২৩:১০
জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দুই দলের মধ্যে সমঝোতা না হলে দেশে আবারও ওয়ান-ইলেভেনের আশঙ্কা রয়েছে। তিনি বলেছেন, দা-কুড়াল নিয়ে রাস্তায় নামতে বিরোধী দলের ঘোষণায় দেশের মানুষ উদ্বেগ-উত্কণ্ঠায় দিন কাটাচ্ছে। গত বুধবার ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের কাছে এবং চারদিনের রংপুর সফর শেষে গত বৃহস্পতিবার বিকালে ঢাকায় ফিরে যাওয়ার প্রাক্কালে রংপুরে ‘পল্লী নিবাস’ বাসভবনে সমবেত নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন এরশাদ। তিনি বলেন, বিএনপি দা-কুড়াল নিয়ে মানুষকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় ২৪ অক্টোবরের পর দেশে সংঘাতের সৃষ্টি হবে। এখনও সময় আছে। আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে হবে সরকারকেই। নেতা-কর্মীদের এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। তারা শান্তি চায়। জাতীয় পার্টি শান্তি দিয়েছিল বলে মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। যে কারণে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। তবে সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। মহাজোট প্রসঙ্গে এরশাদ বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে বেঈমানী করেছে। কথা দিয়ে কথা রাখেনি। তাদের ব্যর্থতার দায়ভার জাতীয় পার্টি কখনও নেবে না। ২৫ অক্টোবরের পর দলীয় ফোরামে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আর মহাজোটে নয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা সভাপতি মসিউর রহমান রাঙা, সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর সম্পাদক অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদেরী