মির্জাপুরে পদচারণায় মুখরিত পাহাড়ের বিনোদন পার্ক

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৩৭
শহরের কোলাহল থেকে স্বস্তির শ্বাস নিতেই পাহাড়ের মনোরম পরিবেশে গড়ে উঠেছে আধুনিক বিনোদন পার্ক। টাঙ্গাইল থেকে ৪০ কি.মি. পূর্বে এবং মির্জাপুর সদর থেকে ২৫ কি.মি. উত্তর-পূর্বদিকের পাহাড়ি জনপদের বাঁশতৈল ইউনিয়নের বংশীনগরে পার্কটির অবস্থান। উপজেলার পাথরঘাটার ব্যবসায়ী এবং চিত্রনায়ক ও পরিচালক শফিউর রহমান সানি পার্কটি তৈরি করেছেন। চারদিকে শাল-গজারির বন এবং বিশাল এলাকা নিয়ে নিঝুম জনপদের ভিতরে বিনোদন পার্ক হওয়ায় এলাকার মানুষও আনন্দিত। এই পার্কটিকে ঢাকার বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, যাদুঘর, সাভারের ফ্যান্টাসি কিংডম, কালিয়াকৈরের নন্দন পার্ক এবং সাভারের স্মৃতিসৌধের মতই আকর্ষণীয় বলে এলাকার লোকজন মনে করে। এখানে রয়েছে নানা ধরনের পশুপাখি, বিভিন্ন প্রজাতির প্রাণী, বিভিন্ন ফুল ও ফলের বাগান, শিশুদের খেলনা, পানির ঝরনা, ছোট ছোট লেক, দোলনা, বিউটি পার্লার, খাবার হোটেল এবং বিশ্রামের কটেজ। এই পার্কে ২০ টাকার টোকেনে ঢুকে বিভিন্ন রাইডসে ওঠা যায়। তবে আইটেম ভেদে রাইডসের খরচ ১৫/২০ টাকার উপরে নয়। টাঙ্গাইল জেলা শহর থেকে টাঙ্গাইল-বাসাইল-সখীপুর রোডে বাস, মাইক্রো, সিএনজিতে নলুয়া পাহাড় কাঞ্চনপুর বিমানবাহিনীর ঘাঁটি দিয়ে তক্তারচালা বাজার হয়ে এই পার্কে যাওয়া যায়। ঢাকা থেকে সখীপুরগামী বাসে উঠে মির্জাপুর-সখীপুর রোড দিয়েও সহজে আসা যায়। পার্কের ব্যবস্থাপক চিত্রনায়ক ও চিত্র পরিচালক শফিউর রহমান সানি বলেন, এলাকার মানুষের কথা বিবেচনা করে পাহাড়ি জনপদের ভিতরে মনোরম পরিবেশে এই বিনোদন পার্ক তৈরি করা হয়েছে। সকল শ্রেণী-পেশার বিনোদনপ্রেমী মানুষ এখানে বেড়ানোর সুযোগ পাবে ।