চিতলমারীতে অপহূতা মেডিক্যাল ছাত্রী উদ্ধার হয়নি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৪১
বাগেরহাট চিতলমারী উপজেলার পার-ডুমুরিয়া হতে দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে মেডিক্যাল পড়ুয়া ছাত্রী অপহরণের ৯ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি। ঘটনাটি ঘটে গত ৯ অক্টোবর পার-ডুমুরিয়া গ্রামে। এ ঘটনায় অপহূতার পিতা বাদী হয়ে বরিশাল গৌরনদী এলাকার বিপ্লব বাছাড় ও চিতলমারি এলাকার রনজিত হালদারকে আসামি করে চিতলমারি থানায় একটি মামলা দায়ের করে। ভোলা জেলার হাতিয়া উপজেলা সদরের মেয়ে খুলনা মেডিক্যাল ট্রেনিং সেন্টারের প্রথম বর্ষের ছাত্রী। পূজার ছুটিতে তার দুলাভাই বাগেরহাটের চিতলমারি উপজেলার পার-ডুমুরিয়া গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার পার্শ্ববর্তী আরুলিয়া গ্রামের রনজিত হালদার তাকে জোরপূর্বক মোটর সাইকেলযোগে বাড়ি হতে অপহরণ করে। এলাকাবাসী রনজিত হালদারকে চাপ প্রয়োগ করলে সে ৩ দিনের মধ্যে তাকে ফেরত দেয়ার কথা বলে। কিন্তু অপহরণের ৯দিন অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার বা অপহূতাকে উদ্ধার করতে পারেনি।